বাজারদরের তোয়াক্কা না করে অনিয়মের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের (রসিক) হাটবাজার, বাস টার্মিনাল, গণশৌচাগারসহ প্রায় ৩৬টি স্থান স্বজনপ্রীতি করে ইজারা দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি করেছেন রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বর্ধিত এলাকার জনগণের তেমন উন্নয়ন না হলেও মেয়রের অনুগত কিছু লোক কোটিপতি বনেছে। তাদের আঙুল ফুলে কলাগাছ। এর বিনিময়ে আসন্ন সিটি নির্বাচনে তারা এলাকা ভাগ করে মোটা টাকা খরচ করছেন। যাতে মোস্তফা আবারও মেয়র নির্বাচিত হলে আগের মতো একই কায়দায় ওইসব স্থান ইজারা নিয়ে মোটা টাকা আয় করতে পারেন তারা।
২০১২ সালের ২৮ জুন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিল, ২০০৯-এর মাধ্যমে রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করে সরকার। ২০৫.৭০ বর্গকিলোমিটার এলাকার ৪৪২ মহল্লাকে ৩৩টি ওয়ার্ডে ভাগ করা হয়। এই ১০ বছরে সিটির মানুষের ভাগ্যের পরিবর্তন না হলেও দালাল ও সুবিধাবাদী শ্রেণির কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
সূত্রমতে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের তৃতীয়বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকে কেন্দ্র করে মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন সাধারণ ভোটাররা। গত সময়ে সাধারণ ভোটারদের ভাগ্যের পরিবর্তন না ঘটলেও দালাল টাইপের লোকদের কার কত সম্পদ বেড়েছে, কে মোটরসাইকেল ছেড়ে পাজেরো গাড়িতে উঠেছে তার হিসাব চলছে। ইতিমধ্যে অনেক ঠিকাদার, কাউন্সিলর এবং মেয়রের নিকটাত্মীয় গাড়ি-বাড়ি ও অঢেল সম্পদের মালিক বনেছেন।
রংপুর সিটির বাজার শাখা সূত্রে জানা গেছে, রসিকের হাটবাজার, আড়ত, সাইকেল ও বাসস্ট্যান্ড মিলে ৩৬টি জায়গা রয়েছে। এসব প্রতি বছর ইজারা দেওয়া হয়। যারা এসব ইজারা নেন তারা সবাই বলতে গেলে মোস্তাফিজার রহমান মোস্তফার কাছের মানুষ।
চলতি বছর রংপুর নগরীর লালবাগহাট ভ্যাট-ট্যাক্টসহ ইজারা দেওয়া হয় ১ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ১০ টাকায়; বুড়িরহাট ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৫০, সিটি বাজার ৬২ লাখ ৩৩ হাজার ৩৭৭, কেল্লাবন্দ সিও বাজার ২ লাখ ৯৭ হাজার, নজিরের হাট ২ লাখ ৬০ হাজার, শ্রী সীতানাথ বণিক বিপণিবিতান বাজার ২ লাখ ৮৮ হাজার, মাহিগঞ্জ পাইকারি বাজার ৬ লাখ ৭০ হাজার, ধাপ বাজার ২ লাখ ৪ হাজার ৬০০, চড়ড়ার হাট ২ লাখ ৯২ হাজার, নিসবেতগঞ্জ হাট ৪ লাখ ৪৭ হাজার, উত্তম হাজীর হাট ৭ লাখ ২৫ হাজার, সাহেবগঞ্জ হাট ১ লাখ, কেরানীর হাট ৫৫ হাজার, গোলাগঞ্জ হাট ২৯ হাজার ২৮২, চান্দকুটি হাট ১৫ হাজার ৬০০, চকইসবপুর হাট ৮ হাজার ৮৭৪, সিটি বাজার সাইকেল স্ট্যান্ড ৪ লাখ ৭০ হাজার, পিটিসি রোড আম আড়ত টার্মিনাল ৫ লাখ ১০ হাজার, লালবাগহাট সাইকেল স্ট্যান্ড ২৩ হাজার ৩০০, নিউ ইঞ্জিনিয়ারপাড়া ফল-আড়ত ১৫ হাজার ৯৭২, ট্রাক টার্মিনাল বাবুখাঁ ৮ লাখ ৬১ হাজার ১০০, নবাবগঞ্জ বাজার গণশৌচাগার ১ লাখ ৫০ হাজার ১০০, কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৪ লাখ ৫৬ হাজার, ঢাকা কোচ স্ট্যান্ড ১৬ লাখ ৩৩ হাজার ৫০০, সিটি জবাইখানা ৭ লাখ ৪৯ হাজার ৫০১, মৎস্য আড়ত গণেশপুর ২৩ লাখ ৫০ হাজার, সিটি বাজার গণশৌচাগার ১ লাখ ৯১ হাজার ৪০০, লাকী মসজিদ গণশৌচাগার ১ লাখ ৩৪ হাজার ৬৪০, কেরামতিয়া জামে মসজিদসংলগ্ন গণশৌচাগার ২৫ হাজার ২৩, চিকলী পার্ক সাইকেল স্ট্যান্ড ৪ লাখ এবং তিন বছর মেয়াদি কুকরুল বিল ৪১ লাখ ১২ হাজার ৪৬, চিকলী বিল ৬৫ লাখ ৪৭ হাজার ২৪৫, নাছনিয়া বিল ৩০ লাখ ৩৬ হাজার, চিকলী ৩ নম্বর পুকুর ২ লাখ ৩৭ হাজার ৬৯৫, চিকলী ৪ নম্বর পুকুর ২ লাখ ৩ হাজার ১৯৩ ও সন্ন্যাসী দীঘি ২ লাখ ৩১ হাজার ৫৭ টাকায়।
২০১২ সালে রংপুর সিটি করপোরেশন গঠিত হলে প্রথম মেয়র নির্বাচিত হন শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। সে সময়ে রংপুর নগরীর ঐতিহ্যবাহী বুড়িরহাট প্রায় ১ কোটি টাকায় ইজারা নেন ইলিয়াছ আলী বাবলু নামে এক ইজারাদার। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি নির্বাচনে মেয়র নির্বাচিত হন মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি নির্বাচিত হয়ে বুড়িরহাটের জন্য বৈধভাবে টেন্ডার আহ্বান করেন। এতে বেশ কিছু ঠিকাদার অংশ নেন। সে সময় মেয়রের কাজের ইজারাদার নুর শাহাদত সব অংশগ্রহণকারীকে একত্রিত করে শেয়ার দেওয়ার কথা বলে ১ কোটি ১০ লাখ টাকায় হাটটি ইজারা নেন। পরে তিনি সবার সঙ্গে প্রতারণা করেন। এ কথা বলেছেন অন্য ইজারাদাররা।
বিজ্ঞপ্তির মাধ্যমে বুড়িরহাট ইজারা হলেও পরবর্তী চার বছর কীভাবে ইজারা দেওয়া হয়েছে তা লোকজন বা অন্য ইজারাদাররা জানেন না। বাজার শাখা সূত্রমতে, মেয়রের ক্ষমতাবলে প্রতি বছর পাঁচ ভাগ টাকা বাড়িয়ে ওই ইজারাদারকেই হাটটি দেওয়া হয়েছিল। ২০২০ সালে ১ কোটি ২৭ লাখ ৫ হাজার ও ২০২১ সালে ১ কোটি ৩৯ লাখ ৫০০ টাকায় ইজারা দেওয়া হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় রংপুর সিটি করপোরেশন।
জানা গেছে, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাটের ১০ বছর আগে ইজারা ছিল প্রায় ১ কোটি টাকা। ইজারাদার ছিলেন মোহাইমিনুল ইসলাম মারুফ। তিনি জানান, গত বছর থেকে প্রতি বছর ৩০ থেকে ৫০ লাখ টাকা বাড়িয়ে অনেক প্রতিদ্বন্দ্বিতা করে হাটটি ইজারা নিতে হয়েছিল। ২০২২ সালে বেতগাড়ী হাটটি ইজারা হয়েছে সাড়ে ৫ কোটি টাকায়।
একটি মাত্র হাটের ইজারা মূল্য তুলে ধরা হয়েছে। বাকি ৩৪টি হাট-বাজার বা টার্মিনাল সমঝোতার ভিত্তিতে সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি করে ইজারা দেওয়া হয়েছে। অন্য ইজারাদারদের তথ্যমতে, প্রতি বছর বুড়িরহাট ২-৩ কোটি টাকা কমে ইজারা দেওয়া হয়েছে। এই হিসাবে গত পাঁচ বছরে বুড়িরহাট ইজারায় কমপক্ষে ১২ কোটি টাকা, লালবাগহাট ১৫ কোটি টাকা এভাবে বাকি হাটবাজার, বাস টার্মিনাল ও গণশৌচাগার, জলাশয় প্রভৃতি বাবদ ৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি করেছেন সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বাজার ঘুরে দেখা গেছে, পাঁচ বছরের ব্যবধানে সিটি করপোরেশনের ইজারার টাকার পরিমাণ সমান থাকলেও বর্তমানে হাটে একটি মুরগি বিক্রি করতে এলে রসিদমূল্যে বিক্রেতাকে ১০ ও ক্রেতাকেও ১০ টাকা দিতে হয়। ছাগল বিক্রেতার ১০০ ও ক্রেতার ৩৬০, গরু-মহিষ ক্রেতার ৫০০ ও বিক্রেতার ২০০, ভ্রাম্যমাণ দোকানের প্রতিদিন ২০ থেকে ৫০ টাকা দিতে হয় আর খোলা মাঠের স্থায়ী দোকানদারদের ১০ থেকে ২০ টাকা দিতে হয়। কোরবানির ঈদের সময় গরু ও ছাগলের রসিদমূল্য তিন গুণ পর্যন্ত বাড়ানো হয়। সূত্রমতে, ২০১৮ সালের দিকে হাঁস-মুুরগির রসিদমূল্য ছিল ৫ টাকা। গরু-মহিষ বিক্রেতার ১০০ ও ক্রেতার ২৫০ টাকা। ছাগল বিক্রেতার ৫০ আর ক্রেতার ১৫০ টাকা। এ ছাড়া কৃষকদের চাষকৃত শাকসবজি, ডালি, কুলা, চালনের মূল্য দুই থেকে চার গুণ বাড়িয়ে রসিদের মাধ্যমে নেওয়া হচ্ছে।
রংপুর সিটি করপোরেশনের মালিকানাধীন ধাপ এলাকায় ১০০ একর জমিতে সিটি চিকলী পার্ক রয়েছে। এলাকাটিতে একাধিক বিল, সবুজের সমারোহ ও নিরিবিলি পরিবেশ থাকায় অনেক মানুষ বেড়াতে আসেন। ২০১৫ সালের ১৪ এপ্রিল সাবেক মেয়র শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু চিকলী পার্কটির উদ্বোধন করেন। সেখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড, সাঁজোয়া যান, মেরি গো-রাউন্ড, বাম্পার কার, চার্জার কার, আধা কিলোমিটার জুড়ে ট্রেনলাইন এবং স্পিডবোট ছিল। বর্তমানে প্রায় সবই নষ্ট। তবে চিকলী পার্কে ঢুকতে প্রথমে ২০ টাকার টিকিট এবং পরে ৩০ টাকার টিকিট নিতে হয় দর্শনার্থীদের।
রুমা ও শফিক নামে দুজন দর্শনার্থী জানান, তারা লালবাগ এলাকা থেকে ঘুরতে এসেছেন। দুই দফা টিকিট কেটে ভেতরে ঢুকে দেখেন কিছুই নেই। যা আছে তা নষ্ট। দুই স্থানে টাকা নেওয়ার বিষয়ে ব্যক্তি মালিকানায় পরিচালিত চিকলী ওয়াটার পার্কের পরিচালক মাসুদুন নবী মুন্না জানান, প্রথম গেটটি পরিচালনা করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আর ওয়াটার পার্কটি ব্যক্তি মালিকানায় পরিচালিত।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (উপসচিব) রুহুল আমিন মিঞা দেশ রূপান্তরকে হাটবাজার, বাস টার্মিনাল ও গণশৌচাগার, জলাশয় প্রভৃতি ৩৬টি স্থানের ইজারার উপরোক্ত পরিমাণ টাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্বিক বিষয় রংপুর সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, চিকলী পার্কের আধুনিকায়নের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর জন্য ৫০ কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে হাটবাজার ইজারাদার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
ইসির তথ্যানুযায়ী, রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৭০ জন। মেয়র পদে ৯, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোট দেবেন।