সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু। তবে এরপর শুধুই দুর্দান্ত যাত্রা আর্জেন্টিনার। স্বপ্ন সিঁড়ির শেষ ধাপে এখন দলটি। যাদের এই পথচলার পেছনের কারিগরটির নাম লিওনেল স্কালোনি।
২০১৮ সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন স্কালোনি। খুব কঠিন সময় পার করছিল তখন দলটি। স্কালোনি দায়িত্ব নিয়ে দলটাকে যেন খাদের কিনার থেকে তুলে এনেছেন। করে তুলেছেন অপ্রতিরোধ্য।
শেষ পর্যন্ত কি ফাইনালে হাসতে পারবেন স্কালোনি? রবিবার লুসাইল স্টেডিয়ামে শিরোপা উৎসব করতে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাতে হবে তাদের। খেলোয়াড় হিসেবে যে দলকে হারিয়ে শিরোপা জয়ের কীর্তি আছে স্কালোনির।
আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সতীর্থ ছিলেন স্কালোনি। তবে খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। মাত্র ৭ ম্যাচ খেলেছিলেন। তবে কোচিংয়ে তিনি দারুণ করছেন। এবারের বিশ্বকাপে বসয়ের দিক থেকে যিনি সবচেয়ে তরুণ।
১৯৯৮ সালের তুলন টুর্নামেন্টে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। সেখানে লা আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-২১ দলটি ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। আর আর্জেন্টিনার সেই দলের সদস্য ছিলেন মেসিদের বর্তমান গুরু স্কালোনি।
দুটি গোলই হয়েছিল দ্বিতীয়ার্ধে। সেই ম্যাচে যদিও গোল করতে পারেননি স্কালোনি। তবে তিনি আর্জেন্টিনার প্রথম একাদশে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন ওয়াল্টার স্যামুয়েল ও ফ্রান্সিসকো গুয়েইরো। স্যামুয়েল এখন স্কালোনির সহকারী হিসেবে কাজ করছেন।
স্কালোনি সেই ম্যাচে ১৮ নম্বর জার্সি পরে খেলেছিলেন। এ বারের বিশ্বকাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। ওই দিন কি শিকে ছিঁড়বে আর্জেন্টিনার? নাকি পর পর দু’বার বিশ্বকাপ নিয়ে যাবেন কিলিয়ান এমবাপ্পেরা?