টানটান উত্তেজনা ছড়ালো, বল নিয়ে কাড়াকাড়ি হলো। কেউ কাউকে এক বিন্দু ছাড়ও দিতে রাজি হলো না। তবু কৌশলে যে যতটা পারল সুবিধা আদায় করে নিলো। এক্ষেত্রে পাল্লাটা ভারি হলো ক্রোয়েশিয়ার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২-১ গোলের জয়ে তৃতীয় স্থান অর্জন করেছে লুকা মদ্রিচের দল।
খেলার শুরুতেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ৭ মিনিটের সময় জোসকো গার্দিওলের গোলে লিড পায় ক্রোয়েটরা। ডি বক্সের সামনে পাওয়া ফ্রি কিক থেকে ইভান পেরিসিচ বল পান। তিনি হেডে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটাতে আবার হেড বল মরক্কোর জালে পাঠান গার্দিওল। তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। ২ মিনিট পরই আশরাফ দারির গোলে সমতায় ফেরে মরক্কো। ফ্রি কিক থেকে উড়ে আসা বল থেকে গোল করেন আশরাফ।
তারপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ক্রোয়েশিয়া। ফের এগিয়ে যেতে মুখিয়ে থাকে তারা। পিছিয়ে থাকেনি মরক্কো। দুই দল তৈরি করেছিল একাধিক সুযোগ। তবে ম্যাচের ৪১ মিনিটে মিসলাভ অরসিকের দূরপাল্লার শটে পরাস্ত ইয়াসিন বুনে। তাতে এগিয়ে এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েটরা।
দ্বিতীয়ার্ধের খেলায়ও ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ২-১ গোলের জয় নিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করে ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল মদ্রিচরা।