মুন্সীগঞ্জে হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। এ সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামালদী এলাকার বেইলি ব্রিজের কাছে হোসেন্দী ইউপির আওয়ামী লীগ মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকেরা ওই হামলা চালায়।

আহত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া (৩৪), তার ভাতিজা রিয়াদ (২৫), ইমন (১৮) ও প্রাইভেটকার চালক শুভকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া জানান, উপজেলার চরবলাকী গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে ব্যক্তিগত প্রাইভেটকারে করে তিনি ও তার ভাতিজাসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে জামালদী গ্রামের বেইলি ব্রিজের কাছে পৌঁছালে বিজয় চেয়ারম্যান প্রার্থীর ভাতিজা তুরিনের নেতৃত্বে ২০-২২ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।

এ সময় তার ভাতিজা ও প্রাইভেটকারের চালকসহ তাকেও মারধর করে। এ ছাড়া প্রাইভেটকার ভাঙচুর চালায়।

হোসেন্দী ইউপির চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব ও তার ভাই শাহপরানের নেতৃত্বে বেশ কয়েক দিন ধরেই আমার সমর্থকদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে আসছে। এতে গ্রামবাসীরা ক্ষুব্ধ ছিল। উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রেখেছিল। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে হামলার ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গেল ২ নভেম্বর গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকে জয়ী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়া মোটরসাইকেল প্রতীকে পরাজিত হন।