কুলাউড়ায় এলজিইডি প্রকৌশলীর মাথা ফাটাল দুর্বৃত্তরা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার ওপর আবারও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তার মাথা ফেটে গেছে।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, রোববার বিকেলে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন। উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়া মাত্রই কতিপয় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল পথরোধ করে মাথায় আঘাত করে। এ সময় তার শোরচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও থানার ওসি মো. আব্দুছ ছালেক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, প্রকৌশলীর মাথায় ২টি সেলাই দেয়া হয়েছে। তাকে বাসায় বিশ্রামে থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, প্রকৌশলীর ওপর হামলা চালানো দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এলজিইডির মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ জানান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধার ওপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে বলা হয়েছে।

এর আগেও, গত ৭ আগস্ট ওই প্রকৌশলীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত সরকারি গাড়িও (মোটরসাইকেল) ভাঙচুর করা হয়।