গাজীপুরের শ্রীপুরে বাড়ির শৌচাগার থেকে পুলিশ এক শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটির মৃত্যু রহস্যজনক বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার পৌর এলাকার বেড়াইদেরচালার একটি ভাড়াবাড়ির শৌচাগার থেকে শফিকুল ইসলাম (৬) নামে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল নেত্রকোনার সদর এলাকার নয়াপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। পরিবারটি এ বাড়িতে ভাড়া থাকত।
এলাকাবাসীর ভাষ্যমতে, মনিরুজ্জামান শীতলের আধাপাকা বাড়িতে ভাড়ায় থাকা শিশুটির লাশ সকালে গোসলখানায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এ ব্যাপারে পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
শ্রীপুর মডেল থানার এসআই শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাথরুমে একটি শিশুর মরদেহ পড়ে আছে এমন খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।