আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করার সময় পড়ে গিয়ে নির্মাণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে।
নিহত রাকিব হোসেন (২৫) যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মীয়মাণ বেইলি ব্রিজের ওপর পড়েন। পিঠে রড বিঁধে মারাত্মক আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, উল্লাস করতে গিয়ে দুর্ঘটনায় রাকিব হোসেনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।