১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্র্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগে এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে নেপাল। নিষিদ্ধ তালিকায় ভারতের যোগগুরু রামদেবের দিব্যা ফার্মেসিসহ রেডিয়েন্ট প্যারেন্টেরালস, মার্কারি ল্যাবরেটরিজ, অ্যালায়েন্স বায়োটেক, ক্যাপট্যাব বায়োটেক, অ্যাগ্লোমেড, জি ল্যাবরেটরিজ, ড্যাফোডিলস ফার্মাসিউটিক্যালস, জিএলএস ফার্মা, ইউনিজুলস লাইফ সায়েন্স, কনসেপ্ট ফার্মাসিউটিক্যালস, শ্রী আনন্দ লাইফ সায়েন্সেস, আইপিসিএ ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথকেয়ার, ডায়াল ফার্মাসিউটিক্যালস এবং ম্যাকুর ল্যাবরেটরিজ রয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, নেপালে এই কোম্পানিগুলোর ওষুধ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। গত এপ্রিল ও জুলাইয়ে নেপাল সরকার ভারতে পর্যবেক্ষণ চালানোর জন্য একদল বিশেষজ্ঞ পাঠিয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা সন্তোষ কেসি জানান, এই প্রতিষ্ঠানগুলো নেপালে ওষুধ রপ্তানির জন্য আবেদন করেছিল। তাদের কারখানা পরিদর্শন করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। কোম্পানিগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত উৎপাদন নীতিমালা যথাযথভাবে মেনে চলে না। গত অক্টোবরে ভারতের তৈরি কাশির সিরাপ পানে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর ঘটনায় সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ঘটনার ওষুধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় নেপালের কর্র্তৃপক্ষ।