জানাজা থেকে ফেরার পথে সড়কে গেল বৃদ্ধের প্রাণ

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক যুবক। কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন এক পথচারী। মাগুরায় জানাজা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন এক বৃদ্ধ। 

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

বিমানবন্দর এলাকায় নিহত যুবকের নাম তানভীর সাজ্জাদ (৩২)। গত মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে নাটোরের বাগাতিপাড়ায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সুব্রত (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চকতকিনগর এলাকার নিরোদের ছেলে। মঙ্গলবার সকালে উপজেলার তমালতলা বাজার থেকে ব্যক্তিগত কাজে অটোযোগে নাটোরে যাচ্ছিলেন। পথে জিগরী-কাকফো এলাকার মাঝামাঝি অটো থেকে ছিটকে পড়ে আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় তার।

গতকাল সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জহিরুল ইসলাম জহির (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত জহির নোয়াবাজার বেকারির মালিক ও উপজেলার বাতিসা ইউনিয়নের পাটানন্দী পূর্বপাড়ার হাজী জয়নাল আবেদীনের বড় ছেলে।

এদিকে মাগুরায় জানাজা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আইয়ুব আলী শেখ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার শ্রীপুর উপজেলার নাকোল তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী শ্রীপুর উপজেলার নাকোল মিনেপাড়া গ্রামের মৃত মধু শেখের ছেলে। নিহতের ছেলে দাউদ শেখ জানান, মাগরিবের নামাজের পর প্রতিবেশী মালেক মিয়ার জানাজা শেষে বাড়ি ফিরছিলেন তারা। এসময় নাকোল তালতলা এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তার বাবাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।