৩১ জন সাঁতারুর মধ্যে ২০ জন সাঁতারু সফলভাবে পাড়ি দিয়েছেন বাংলা চ্যানেল। ৩ ঘন্টা ৫৩ মিনিট সময় নিয়ে ৬ষ্ঠ বারের মতো সবার আগে শেষ করেন সাইফুল ইসলাম রাসেল।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা ৭ মিনিটে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু হয়। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের ১৬ দশমিক ১ কিলোমিটার সমুদ্রপথ হচ্ছে ‘বাংলা চ্যানেল’।
১৭তম বাংলা চ্যানেল সাঁতার-২০২২-এর আয়োজন করেছে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’। বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতার শেষ হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে। এই আয়োজনে সহযোগিতায় আছে ভিসাথিং, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড।
এবারের বাংলা চ্যানেল সাঁতারের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার বলেন, এবার সাগর শান্ত ছিল, কিন্তু তাপমাত্রা অনেক কম ছিল। অন্যদিকে ভাটার টানটাও কম ছিল, যার জন্য বেশ কিছু সাঁতারু সমস্যায় পড়ে শেষ করতে পারেননি।
রাব্বি রহমান ৩ ঘণ্টা ৫৪ মিনিট সময় নিয়ে ২য়, মনিরুজ্জামান ৪ ঘণ্টা ৫০ মিনিট সময় নিয়ে ৩য় হন। আয়রনম্যান আরাফাত ৯ম বার বাংলা চ্যানেল পাড়ি দেন ৪ ঘণ্টা ৫৭ মিনিটে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী রওনক ইসলাম ২য় বার, মোহাম্মদ আবু রাশেদ, মোহাম্মদ নাসির উদ্দিন, এবাদুল ইসলাম বাংলা চ্যানেল পাড়ি দেন। সাঁতারু শেখ মাহবুবুর রহমান ৩য় বার, আবুল কালাম আজাদ ২য় বার, মাসুদ রানা ২য় বার, মোহাম্মদ জিহাদ হোসেন ৩য় বার, মোহাম্মদ সালাহ উদ্দিন ২য় বার, মোহাম্মদ কামাল হোসেন ২য় বার, উজ্জল চৌধুরী ২য় বার, মোহাম্মদ বদর উদ্দীন, মোহাম্মদ গোলাম রাব্বানী, এস কে রায়হান, মোহাম্মদ তারেক হাসান, আব্দুল্লাহ আল সাবিত ও মোহাম্মদ ফারুক হোসাইন বাংলা চ্যানেল পাড়ি দেন।
লিপটন সরকার আরও বলেন, আন্তর্জাতিক রীতি মেনে এই সাঁতার পরিচালনা করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে প্রতিবছর এই নৌপথে সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয় হচ্ছে।
বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত এ্যাডভেঞ্চার গুরু কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।