জাকের আলি অনিক শতক হাঁকিয়েছিলেন। সঙ্গে শুভাগত হোম ও সৌম্য সরকারের অধশত রানের ইনিংস। তাতে সাড়ে চারশো রানের পুঁজি পেয়েছিল বিসিবি মধ্যাঞ্চল। সেই রানে ভর করেই ইনিংস ও ১১৬ রানের জয় পেয়েছে দলটি।
আগেরদিন ৯৫ রান তুলতেই নেই ৬ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলের জয়ের জন্য শেষ দিন প্রয়োজন ছিল ৪ উইকেট। সেটা তুলতে বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হয়নি। মাত্র ৫১ রান যোগ করতেই গুটিয়ে যায় দেশে পূর্বের অঞ্চলের ক্রিকেটাররা।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের হয়ে তোপ ছুড়েছেন হাসান মুরাদ। তবে ব্যাটাররা ঘায়েল হয়েছেন রবিউলের স্পিন ঘূর্ণিতে। তার শিকার হয়েছেন চারজন। এছাড়া মুরাদ নিয়েছেন আরও তিন উইকেট। মুশফিক হাসান লাভ করেছেন দুই উইকেট।
খেলা শেষে ম্যাচসেরার পুরস্কারটা জিতে নিয়েছেন জাকের আলি অনিক। দল ইনিংস ব্যবধানে জেতায় দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি তার। তবে প্রথম দিনে করেছিলেন ১২১ রানের অনবদ্য একটি ইনিংস। তবে একা সেই পুরস্কার পাননি তিনি। সঙ্গে যোগ হয়েছেন সতীর্থ হাসান মুরাদ। দুই ইনিংসে তিনি শিকার করেছেন ৮ উইকেট। প্রথম ইনিংসে পেয়েছেন ৫ উইকেট।
এ দুই ক্রিকেটারের দাপটে জয় দিয়ে বিসিএল শুরু হলো বিসিবি মধ্যাঞ্চলের। প্রথম জয় থেকে তারা তুলে নিয়েছে ৯ পয়েন্ট, আছে তালিকার শীর্ষে।