বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। জনপ্রিয় এই নায়িকাকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে চূড়ান্ত কথাও বলেছেন তিনি। মানিক জানালেন, ‘অনেক দিনের ইচ্ছা তার বায়োপিক নির্মাণ করার। এটা একদিকে যেমন তাকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্ম তার সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।’
সিনেমায় শাবনূরের পুরো জীবনকাহিনী উঠে আসবে জানিয়ে নির্মাতা মানিক বলেন, ‘সিনেমায় তার (শাবনূর) পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হবে। যেহেতু বায়োপিক করার পরিকল্পনা করেছি, তাই চিত্রনাট্যটাই হচ্ছে শাবনূরকে ঘিরে।’ এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এখন চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন বিশদ আলোচনা হবে। মানিক বলেন, ‘শাবনূর চিত্রনাট্য পছন্দ করলেই কাজ শুরু হবে, আর কারেকশন চাইলে সেটা করার পরই শ্যুটিং শুরু করব।’ শাবনূরকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের তৈরি কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ইত্যাদি। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর।