টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাগবেড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও তার ভাগ্নে একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাকিব হাসান (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মামা মাসুদ রানা ময়মনসিংহের ভালুকার বাটাজোর বাজারে পেট্রোলের ব্যবসা করেন। ভাগ্নে সাকিব ওই দোকানের কর্মচারী ছিল। সকালে মামা ভাগ্নে একসঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ব্যবসাস্থল বাটাজোর বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে পাথারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মামা-ভাগ্নে নিহত হয়। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সখীপুর থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।