শিশুসাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক এখলাসউদ্দিন আহমদ ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন। সাংবাদিকতাকে তিনি পেশা হিসেবে বেছে নেন। সেই সঙ্গে শিশুসাহিত্য রচনা করেন। তিনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। তার সম্পাদনায় ‘টাপুর টুপুর’ প্রথম কিশোর সংকলন হিসেবে প্রকাশিত হয়। এখলাসউদ্দিন রচিত গল্প ও উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এক যে ছিল নেংটি’, ‘বেলুন বেলুন’, ‘মাঠ পারের গল্প’, ‘হঠাৎ রাজার খামখেয়ালি’, ‘তুনুর দুপুর’, ‘অন্য মনে দেখা’, ‘তুনুকে নিয়ে গপ্পো’, ‘বঙ্কুবাবু ও মামদোর গপ্পো’ ইত্যাদি। ছড়া ও কবিতার বইগুলোর মধ্যে রয়েছে ‘হাসির ছড়া মজার ছড়া’, ‘তুনতু বুড়ির ছড়া’, ‘টুকরো ছড়ার ঝাঁপি’, ‘বাজাও ঝাঁঝর বাদ্যি’, ‘ইকরি মিকরি’, ‘বৈঠকী ছড়া’, ‘কাটুম কুটুম’, ‘ছোট রঙিন পাখি’, ‘প্রতিরোধের ছড়া’ ইত্যাদি। এ ছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ছড়ায় ছড়ায় ছন্দ’, ‘রঙিন ফানুস’, ‘দুই বাংলার ছোটদের গল্প’(যৌথ), ‘দুই বাংলার ছেলে ভুলানো ছড়া’ (যৌথ), ‘দুই বাংলার একালের ছড়া’ (যৌথ), ‘হাজার বছরের কিশোর কবিতা’ (যৌথ), ‘বাংলাদেশের ছোটগল্প’ (যৌথ), ‘তুনতু বুড়ির ইচ্ছাকাঠি’, ‘তপুর ভুবন’, ‘তপুর যুদ্ধ যুদ্ধে ফেরা’, ‘নির্বাচিত কিশোর উপন্যাস’, ‘তনুসমগ্র ১’, ‘এখলাসউদ্দিন আহমদের রচনাসমগ্র’ (১-৪) প্রভৃতি। এখলাসউদ্দিন একুশে পদক পান ২০০০ সালে। এ ছাড়া পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, বিশ্ব যুব উৎসব পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার (১৯৭১), আলাওল সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।