বগুড়ায় কৃষিবিদ পুনর্মিলনী উপলক্ষে শোভাযাত্রা

বগুড়ায় গতকাল শুক্রবার সাড়ে ৪শ কৃষিবিদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

পুরনো বন্ধুদের আপন করে নিতে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পুনর্মিলনী হয়েছে।

সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর আগে ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সভ্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে লাঙল, জোয়াল, মই, হারিকেন, জালসহ কৃষি সরঞ্জাম নিয়ে বগুড়ায় কর্মরত কৃষিবিদ এবং অন্যান্য জেলায় কর্মরত বগুড়ার কৃষিবিদদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের কাজী নজরুল ইসলাম সড়ক ঘুরে মুজিব মঞ্চে এসে শেষ হয়।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন ও সাবেক সচিব মো. সারোয়ার মাহমুদ।

শোভাযাত্রার মধ্য দিয়ে পুনর্মিলনীর প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। পরে বগুড়ার একটি হোটেলে দুপুর আড়াইটায় আলোচনা সভা এবং পরে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।