বড়াইগ্রামে কৃষক হত্যা

পুরুষ না থাকার সুযোগে বাড়িঘরে লুটপাট

নাটোরের বড়াইগ্রামের মশিন্দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে কৃষক বেলাল উদ্দিন ম-ল খুনের ঘটনায় প্রায় অর্ধশতাধিক পরিবার পুরুষশূন্য হয়ে পড়েছে। এ সুযোগে বাদীপক্ষের লোকজন দ্বারা আসামিদের ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িঘর থেকে বিভিন্ন মালামাল লুটের পাশাপাশি কৃষি ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে। ওইসব বাড়ির নারী ও শিশুরা একপ্রকার না খেয়ে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ১৩ ডিসেম্বর জমিসংক্রান্ত বিরোধে বেলাল উদ্দিন খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা গ্রেপ্তার এড়াতে ও প্রতিপক্ষের মারপিটের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ সুযোগে বাদীপক্ষের লোকজন সন্ধ্যা নামার পর বিভিন্ন বাড়িঘরে গিয়ে লুটপাট করছেন। গত বৃহস্পতিবার রাতে মশিন্দা বাজারে গোলাম সাকলাইন পায়াসের ডেকোরেটরের তালা ভেঙে চেয়ার, ডেক, প্লেট, গ্লাস ও সাউন্ডবক্সসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। এর আগে আসামি আবদুল খালেক, আলী মাস্টার, জামাল ও কামরুলের চারটি শ্যালো মেশিন, সোলায়মান হোসেনের আটটি ছাগল, সাইদুল ইসলামের ৭৫ মণ পাট ও ১০০ মণ ধান লুটে নেয়। এছাড়া কামরুল ইসলামের ১৫ কাঠা জমির লাউ ও ১০ কাঠা জমির শিম গাছ কেটে ফেলেছে। আসামিপক্ষের লোকজনের জমিতে কোনো শ্রমিক কাজ করতে গেলে বা প্রতিবেশীরা তাদের বাড়িতে গেলে তাদেরও নির্যাতন করার অভিযোগ উঠেছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ‘ঘটনাস্থলে আমাদের নজরদারি রয়েছে। তদন্তে এ ধরনের ঘটনার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’