ঢাকা-সিলেট মহাসড়ক

১১ অটোরিকশা ৫ থ্রি হুইলার আটক

ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১১টি সিএনজি অটো ও ৫টি থ্রি হুইলার আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মহাসড়কের অলিপুর-মাধবপুর অংশে এ অভিযান চালায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ। অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধে এ বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাঈন উদ্দিন ভুঁইয়া। তিনি জানান, আটক সিএনজি অটো ও থ্রি হুইলারের মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারপরও মহাসড়কে সিএনজি অটো ও থ্রি হুইলার চলাচল পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে নিয়মিত এ রকম অভিযান চলবে।