অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ মীরধা। সাধারণ সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির বিজনেস এডিটর সালাহউদ্দীন বাবলু। সহসাধারণ সম্পাদক হয়েছেন ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রহিম শেখ।
এ ছাড়া চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক বদিউল আলম মজুমদার, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম এবং শেয়ারবাজার নিউজের সিনিয়র রিপোর্টার শাহ আলম নূর।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও মনিরুজ্জামান টিপু। নির্বাচনে ২২৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০০ জন। একটি ভোট বাতিল হয়েছে।