বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মতিউর রহমান (৪০) নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন ৷
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।
মতিউরের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া তার অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বত্তরা তাকে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।