বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধের পর এবার দেশি-বিদেশি এনজিওতে তাদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করল তালেবান।
এনজিওতে নারী কর্মীদের নিষিদ্ধ করে দেশটির অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তালেবান। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এনজিওগুলোতে তালেবান নির্দেশিকা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। এই তালেবানি ‘ফতোয়া'য় আফগানিস্তানের নারীদের অধিকারের ওপর আরও এক বার কোপ পড়ল মনে করা হচ্ছে।
দেশটিতে এনজিওর কিছু নারী কর্মী ইসলামিক পোশাকবিধি সংক্রান্ত তালেবান প্রশাসনের ব্যাখ্যা মেনে না চলায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।এনজিওতে নারীদের কাজের সুবিধা বাতিল করায় তালেবানের ব্যাপক সমালোচনা করেছে জাতিসংঘ। একে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে।
সরকারের এই সিদ্ধান্ত জাতিসংঘের মতো সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা এখনো পরিষ্কার নয়। সংস্থাটি আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলায় বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া সংস্থাটিতে অনেক নারী প্রতিনিধি রয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সরকারের এই চিঠির ব্যাখ্যা জানার চেষ্টা করছে।
মানবাধিকার ও নারী অধিকারের প্রতি সহনশীলতা প্রদর্শনের অঙ্গীকার করে ক্ষমতায় আসা তালেবান ইতিমধ্যে আফগান নারীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে চাকরি থেকে মেয়েদের বহিষ্কার, অভিভাবক ছাড়া গাড়িতে চলাচল ও মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর স্কুলে নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে।