কুমিল্লার দাউদকান্দিতে সুজন নামে জেলা ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজার কলাপট্টিতে এ ঘটনা ঘটে। সুজন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং গৌরীপুর বাজারের চেয়ারম্যান টেলিকমের স্বত্বাধিকারী।
সুজনের বড় ভাই মো. শাকিল বলেন, ‘সদ্যঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি আমার ভাই সুজনকে গৌরীপুর বাজারে চার-পাঁচজন সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর শুনে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন।’
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। পাশের তিতাস উপজেলার ঘটনা এটি। মনে হচ্ছে পূর্বশত্রুতা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’