চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান গ্রামের মনির আহমদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর পর তার টাকা ভাগাভাগি নিয়ে ভাইবোনদের দ্বন্দ্বে দুই দিনেও লাশ দাফন করা হয়নি। লাশটি ফ্রিজারে পড়ে আছে।
পদ্মা অয়েল কোম্পানি থেকে গত বছর অবসরে যাওয়া মনির আহমদ গত শনিবার সন্ধ্যা ৭টায় মারা যান। গতকাল রবিবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তাকে দাফন করতে পারেনি পরিবারের লোকজন। তার অবসরের টাকা নিয়ে ছেলেমেয়ের দ্বন্দ্বে লাশবাহী গাড়িতেই পড়ে আছে তার লাশ। তার তিন মেয়ে ও দুই ছেলে আছে। ছেলেদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৌশলে বাবার ৩০ লাখ টাকা ব্যাংক থেকে সরিয়ে নেন তাদের এক বোন।
মনির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবা অসুস্থ ছিলেন। তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে আমার বোন বেবি আক্তার বাবাকে হাসপাতালে থেরাপি দেওয়ার নাম করে ব্যাংকে নিয়ে ৩০ লাখ টাকা তুলে নেন। বাবা মারা যাওয়ার পরই আমরা টাকা তুলে ফেলার খবর পাই। তবে বেবি আক্তার ব্যাংক থেকে টাকা তোলার বিষয়টি অস্বীকার করে বলেন, 'আমার বাবা আমাকে কোনো টাকা-পয়সা দেয়নি। তাদের এসব অভিযোগ মিথ্যা।'
মনির আহমদের ছেলেরা জানান, আমাদের ছোটভাই সৌদি আরব থেকে আসবে। তা ছাড়া সোমবার ব্যাংক খুললে হিসাব দেখে বাবার দাফন করা হবে।
স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় মনির আহমদের লাশ বাড়িতে আনা হলেও টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে জড়ায় তার ছেলেমেয়েরা। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।