মডেল নির্বাচন করতে প্রশাসনের ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট মঙ্গলবার। কোন ধরনের বিরতি ছাড়াই সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার সম্পূর্ণ সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার দুপুর ১২টার পর পুলিশ লাইন্স স্কুল মাঠ থেকে রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধায়নে কড়া নিরাপত্তা মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনী আনুষাঙ্গিক মালামাল। ভোটকেন্দ্রে ও কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

রংপুর সিটি নির্বাচন একটি মডেল নির্বাচন ও ছয় স্থরের নিরাপত্তার ব্যবস্থার কথা জানিয়ে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। এসময় রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, রংপুর; জেলা এ্যাডজুটেন্ট, আনসার ব্যাটালিয়ন, রংপুর এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সর্বস্তরের পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের বিষয়টি তুলে ধরে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মাঠে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের নিরপেক্ষভাবে সার্ভিস রুল মেনে দায়িত্ব পালনের কথা বলেন তিনি। এবং কেউ এর ব্যতিক্রম ঘটালে তার দায়ভার প্রতিষ্ঠান নেবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় পুলিশের দৃষ্টিতে সবকেন্দ্রই গুরুত্বপূর্ণ, তারপরও কিছু কেন্দ্র আলাদাভাবে চিহ্নিত করা হয়। সেই চিহ্নিত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে কয়েকদিন থেকে কাজ করা হয়েছে এবং আলাদাভাবে মনিটরিং করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি। আশা করি রসিক নির্বাচন সুষ্ঠু, অবাধ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে আমরা উপহার দিতে পারবো।