ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিয়াকৈরে সন্দেশ কারখানার দুই শ্রমিকের জেল

দেশ রূপান্তরে খবর প্রকাশের পরদিনই গতকাল সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের সেই অবৈধ দুই সন্দেশ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই শ্রমিককে এক মাস করে কারাদ- দেওয়া হয়। তারা হলেন টাঙ্গাইলের নাগরপুর থানার মোহাম্মদ নগর এলাকার জহির উদ্দিনের ছেলে হারুন মিয়া (৪৭) ও মানিকগঞ্জের দৌলতপুর থানার নাটোয়াবাড়ি এলাকার ওবায়দুল মিয়ার ছেলে লুৎফর রহমান (৪৫)।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীফলতলী এলাকায় পাশাপাশি অপূর্ব সন্দেশ ও ভাই ভাই সন্দেশ নামে দুটি অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শিশুখাদ্য সন্দেশ তৈরি করা হচ্ছিল। মানিকগঞ্জ থেকে এসে শুভরাজ ও শাহিন নামে দুই মামা-ভাগনে মিলে অবৈধভাবে ওই সন্দেশ কারখানা গড়ে তোলেন। পরে তারা বিভিন্ন বাজার  থেকে কম দামে মিষ্টির গাদ, সোডা, রঙ, নিম্নমানের সুজি ও আটা মিশিয়ে বানিয়ে আসছিলেন শিশুখাদ্য সন্দেশ।

এ বিষয়ে গত রবিবার দৈনিক দেশ রূপান্তরের ৯-এর পাতায় ‘অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশের কারখানা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এটি দৃষ্টিগোচর হলে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।