ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।
তিনি আরও বলেন, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এঘটনায় কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।