লাখো মানুষের জমায়েত করতে চায় উত্তর আ. লীগ

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে লাখো মানুষের জমায়েত করতে চায় উত্তর আওয়ামী লীগ। কয়েকদিন ধরে এ লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উত্তর আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।

দলীয় সূত্র বলছে, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান, ফলক উন্মোচনসহ সব কর্মসূচিই সরকারি। কিন্তু প্রকল্পের উদ্বোধন উপলক্ষে দিয়াবাড়িতে দলীয় নেতা-কর্মীদের বড় জমায়েত দেখানো অনেকটা ধন্যবাদ জানানোর মতো। আওয়ামী লীগ রাজনৈতিক সমাবেশ করবে না। তবে প্রধানমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিকভাবে উদযাপন করা হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ ফজলুর রহমান দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রী চাইলেই গণভবনে বসে ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করতে পারতেন। এটা সরকারি প্রোগ্রাম, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়েই ঘরোয়াভাবেই উদ্বোধন করা যেতো। কিন্তু তিনি তা না করে সশরীরে উপস্থিত হয়ে মেট্রোরেল উদ্বোধন করার ইচ্ছা প্রকাশ করেছেন। মেট্রোরেল সবার স্বপ্ন সবার সম্পদ। উদ্বোধন অনুষ্ঠানে আশা সাধারণ জনগণ সাক্ষী হয়ে থাকুক এমনটাই চেয়েছেন প্রধানমন্ত্রী। তাই সাংগঠনিকভাবে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি আমরা।

উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি দেশ রূপান্তরকে জানান, দেশে মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল হয়েছে। এরপরও বিএনপি অন্ধের মতো কোনো কিছু দেখতে না পাওয়া স্বাভাবিক। তারা কিভাবে দেখবে? বিএনপি দেশের স্বার্থের চেয়ে আগে নিজের স্বার্থ দেখে। সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আগামীকাল প্রোগ্রামে কত লোক সমাগম হবে তা বলা মুশকিল। আমাদের ধারণার চেয়েও বেশি লোকের জমায়েত হবে এটাই বলতে পারি। দূর-দূরান্তের নেতাকর্মীর চেয়ে স্থানীয় থানা ওয়ার্ড নেতাকর্মী ও সাধারণ জনগণ বেশি থাকবে। এর জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছি আমরা।

উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী দেশ রূপান্তরকে জানান, আপনারা জানেন দেশে ও দেশের বাহিরে সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ছোট বড় সব বয়সের মানুষ তার প্রোগ্রামে অংশগ্রহণ করে। এর ব্যতিক্রম এখানেও নয়। যদিও প্রধানমন্ত্রী অল্প কয়েকজন অতিথি নিয়ে মেট্রোরেল চালু করবেন। তিনি জনগণের সামনে কথা বলবেন। ওইদিন এক লাখ মানুষের সমাবেশের কথা বলছেন স্থানীয় নেতারা। কিন্তু এখানে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। এটাই স্বাভাবিক। তাই সবাইকে ভোরে উঠেই দিয়াবাড়ি প্রোগ্রামে জমায়েত হতে আহ্বান জানান এই নেতা।

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর প্রথম অংশ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।