স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরদিন থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু করবে। ঢাকার নারকীয় পরিবেশের গণপরিবহনব্যবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে প্রধানমন্ত্রী ২০১৩ সালে ঢাকা মেট্রোরেল এমআরটি-৬ প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করেন। দিয়াবাড়ি থেকে কমলাপুর ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ এই পথে শুরুর দীর্ঘ ১০ বছর পর এই প্রকল্পের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে চালু করা হচ্ছে মেট্রোরেল।
রাজধানী ঢাকার গণপরিবহনে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও দীর্ঘদিনের নারকীয় পরিবেশে যাতায়াতের কারণে নগরজীবন এক প্রকার বিষিয়ে উঠেছে। মেট্রোরেল চালু হলে ঢাকার একটি গুরুত্বপূর্ণ রুটে গণপরিবহন চলাচলে স্বস্তির দরজা খুলবে।
আমাদের দেশে মেট্রোরেল নির্মাণ ও চলাচল এই প্রথম। তাই এ বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞ বা বিশেষজ্ঞ নেই। এহেন পরিস্থিতিতে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সাবেক সচিব এম এন সিদ্দিককে এই মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। মেট্রোরেল নির্মাণে অনভিজ্ঞতার কারণে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, দফায় দফায় ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অথচ খোঁজখবর নিয়ে আন্তর্জাতিক বাজার থেকে আমাদের দেশীয় বহু অভিজ্ঞ প্রকৌশলী ও বিশেষজ্ঞ ব্যক্তিকে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া যেত। এতে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বহু সময় আগে এই প্রকল্প চালু করা যেত।
সম্প্রতি নির্মিত এশিয়া মহাদেশের কয়েকটি মেট্রোরেলের নির্মাণ ও ব্যয় পর্যবেক্ষণে দেখা যায়, কলকাতা ও দিল্লি মেট্রোরেলের নির্মাণ ব্যয় কম হওয়ায় এসব রেলে ভাড়াও কম। এ দুটি রেল নির্মাণে ঢাকা থেকে বহুগুণে কম ব্যয় হয়েছে। যদিও এ দুটি মেট্রোরেল বহু আগে নির্মিত হয়েছে। তবে ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে নির্মিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নর্থ-সাউথ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৭ কোটি ৫০ লাখ ডলার। ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে নির্মিত ভিয়েতনামের হ্যানয় শহরে লাইন-২এ মেট্রোরেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ডলার। ১৯৯৮ থেকে ২০০২ সালে নির্মিত ভারতের দিল্লি লাইন-১ মেট্রোরেল নির্মাণে কিলোমিটারপ্রতি খরচ হয়েছে ৫ কোটি ৬ লাখ ডলার। ২০১৫ থেকে ২০২০ সালে নির্মিত পাকিস্তানের লাহোর অরেঞ্জ মেট্রোরেল নির্মাণে কিলোমিটার প্রতি খরচ হয়েছে ৬ কোটি ৬১ লাখ ডলার। অথচ ঢাকা উত্তরা থেকে কমলাপুর ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের নির্মাণে কিলোমিটারপ্রতি খরচ হচ্ছে ২৩ কোটি ৪০ লাখ ডলার।
কর্তৃপক্ষের অনভিজ্ঞতার কারণে কোনো প্রকার সমীক্ষা বা গবেষণা ছাড়া কেবলমাত্র এশিয়ার সর্বোচ্চ ব্যয়ে মেট্রোরেল নির্মাণের যাবতীয় খরচ যাত্রী সাধারণের কাছ থেকে চড়া দামে উশুলের লক্ষ্যে এবং বেসরকারি বাস কোম্পানিগুলোকে লাভবান করার মানসে ঢাকার মেট্রোরেলে সর্বোচ্চ হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে মনে করি। বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রোরেলে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আশপাশের দেশের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়নি। ফলে রাজধানীর বেসরকারি বাসের দ্বিগুণ এশিয়ার দুটি দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে ২ থেকে ৫ গুণ পর্যন্ত বেশি বাড়তি ভাড়া নির্ধারণ করা হয়েছে।
পরিবহন সেক্টরের অন্যতম স্টেকহোল্ডার যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বেসরকারি বাসের মালিক ও সরকার মিলেমিশে একচেটিয়া ভাড়া নির্ধারণের যে রেওয়াজ গড়ে উঠেছে, মেট্রোরেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও এর প্রভাব প্রতিফলিত হয়েছে।
পুরোদমে চালুর পর মেট্রোরেলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনে সক্ষমতা থাকলেও এই সক্ষমতা কাজে লাগানোর মতো আমাদের নগরীতে সার্বিক অবকাঠামো নেই। সারা পৃথিবীতে এ ধরনের প্রকল্প নেওয়া হয় সমন্বিত উদ্যোগ নিয়ে। আমাদের এখানে প্রকল্প নেওয়া হয়েছে কোনো উদ্যোগ ছাড়া। আমাদের উত্তরাঞ্চলের ১৬ থেকে ১৮ জেলার সংযোগস্থল আব্দুল্লাহপুর। অথচ মেট্রো শুরুর স্টেশন করা হয়েছে দিয়াবাড়ি।
একজন যাত্রী আব্দুল্লাহপুর থেকে অনায়াসে মহাখালী বা ফার্মগেট পৌঁছে যাবে। উত্তরা থেকে মতিঝিলের বাস ভাড়া ৫০ টাকা আর মেট্রোরেলের ভাড়া ১০০ টাকা। এহেন কারণে সাধারণ মানুষ এবং নিয়মিত যাত্রীরা মেট্রোরেল বিমুখ হতে পারে। এ ছাড়া টঙ্গীর আব্দুল্লাহপুর থেকে সিংহভাগ যাত্রী মহাখালী, ফার্মগেট ও মতিঝিলের পথে যাতায়াত করে। ফলে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে চালু হওয়া মেট্রো চালুর কয়েক মাস পর যাত্রীর সংকট দেখা দিতে পারে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেট্রোরেলের ভাড়া কমানোর পাশাপাশি নিয়মিত যাত্রীদের মাসিক কার্ডে বিশেষ সাবসিডি প্রদান, বন্ধের দিনে যাতায়াতের ক্ষেত্রে আকর্ষণীয় ভাড়ার হার নির্ধারণ, মেট্রো থেকে নামার পর হাঁটার পরিবেশ তৈরির জন্য ফুটপাত পরিষ্কার রাখা, কানেক্টিং রোডে পর্যাপ্ত বাস ও অন্যান্য গণপরিবহনের ব্যবস্থা রাখা, বিশেষ বিশেষ স্টেশনগুলোতে কার ও বাইসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা রাখা এবং মেট্রোরেলের পরিচালনা পরিষদে যাত্রী সংগঠনের প্রতিনিধিত্ব রাখার দাবি জানানো হয়েছে।
লেখক : মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি
ই-মেইল : pwab2011@gmail.com