‘লাথিকাণ্ডে’ ক্রীড়া প্রতিমন্ত্রীর তদন্ত কমিটি

জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ঘটা ‘লাথিকাণ্ড’ নিয়ে শোরগোল পড়ে গেছে ক্রীড়াঙ্গনে। গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত আসরে জাহিদ হাসান শুভকে রানার্সআপ ঘোষণা করায় মেজাজ হারিয়ে মঞ্চের সামনেই তার হাতে তুলে দেওয়া পুরস্কারে একাধিক লাথি বসিয়ে দেন। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। বডি বিল্ডিং ফেডারেশন ১৭০ কেজি ওজন শ্রেণিতে দু’বারের চ্যাম্পিয়ন জাহিদকে আজীবন নিষিদ্ধ করে পড়েছে বিপাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই লাথির ভিডিও দিয়েছিলেন জাহিদ, যা দেখেছে ৭০ লাখেরও বেশি মানুষ। এই ভিডিও চোখ এড়ায়নি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। সাদা চোখে সেই ভিডিও দেখে মন্ত্রীরও মনে হয়েছে সেরা নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। গতকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘খালি চোখে দেখলে প্রথম যে হয়েছে তার সঙ্গে জাহিদের পার্থক্যটা চোখে পড়ে। আমাদের চোখেও পার্থক্য মনে হয়েছে। এখন এটা বিচারকদের সিদ্ধান্ত। যদিও কেউ আমাদের কাছে লিখিত আবেদন করেনি। তারপরও আমাদের দায়বদ্ধতা আছে। তাই আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছি।’