পাওনা চেয়ে শ্রমিকদের ঝাড়ু মিছিল

ঢাকার সাভারে ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের বকেয়া ও আইনগত পাওনা পরিশোধের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ দেখিয়েছে কারখানার শতাধিক শ্রমিক।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাভারের উলাইল কর্ণপাড়া এলাকার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে বিভিন্ন ধরনের টালবাহানা করে আসছে। এছাড়া কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া পাওনা না দিয়ে জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ঝাডু মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

ভুক্তভোগী শ্রমিক নাজমা আক্তার বলেন, প্রায় দুই বছর আগে আমাদেরকে জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বকেয়া ও আইনগত পাওনাদি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা আগ্রহ দেখায়নি।

আরেক শ্রমিক সাজেদা বেগম বলেন, হঠাৎ করেই কর্তৃপক্ষ আমাদের ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ না করায় এই মুহূর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। বাসা ভাড়া ও দোকান বাকির টাকা দিতে না পেরে আমরা মানবেতর জীবনযাপন করছি।

এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি মো. ইমদাদুল ইসলাম এমদাদ জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ও আইনগত পাওনা পরিশোধ না করে কাজ থেকে বিরত রেখে কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করেছি তখন কারখানার কর্তৃপক্ষ আমাদের কাছে ওয়াদা করেছিলেন কারখানার সার্বিক অবস্থা ভালো না বিধায় অব্যাহতি ও ছাঁটাইকৃত ১৮০ জন শ্রমিকের মধ্যে থেকে কিছু সংখ্যক শ্রমিকদের চার থেকে পাঁচ লাখ টাকা প্রতি মাসের ২৫ তারিখে পরিশোধ করার কথা বলা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কারখানার কর্তৃপক্ষ টালবাহানা করে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবির খান মনির, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, নজরুল ইসলাম প্রমুখ।