বিজনেস এক্সিলেন্স ও এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন আজিজ আহমদ

বাংলাদেশে পরপর দুটি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যুক্তরাষ্ট্রে আইসিটি খাতে অন্যতম বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও উদ্ভাবক আজিজ আহমদ। ঢাকায় দুটি পৃথক কর্মসূচিতে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় তার হাতে।

গত ২২ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে এনআরবি প্রফেশনালস সামিটে অংশ নিলে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন আজিজ আহমদ।

তথ্যপ্রযুক্তি সেবা খাতে ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে অব্যাহত অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়।

এরপর গত ২৫ ডিসেম্বর আজিজ আহমদ গ্রহণ করেন বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। ঢাকা থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন অর্থকণ্ঠের পক্ষ থেকে এই পুরস্কারটি তার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অর্থকণ্ঠের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার হোটেল ওয়েস্টিনে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আইসিটি খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে ভূষিত হলেন আজিজ আহমদ।

নতুন প্রজন্মের জন্য আইসিটি ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আইসিটি ইন্ডাস্ট্রি ও আইসিটি শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যবধান কমিয়ে আনতে আজিজ আহমদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট ও ইউটিসি অ্যাসোসিয়েটস দীর্ঘ সময় ধরে অবদান রেখে চলেছে।

পুরস্কার তুলে দেওয়ার পর ডা. দীপু মনি তার বক্তৃতায় বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে এবং দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে কোডার্সট্রাস্টের মাধ্যমে আজিজ আহমদ অনন্য অবদান রেখে চলেছেন। তার এই অবদান জাতি গঠনেও ভূমিকা রাখছে।