ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী এনে এক ব্যক্তির বাড়িতে/হামলা চালিয়ে ভাঙচুর, লুট এবং টিনের চাল খুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবদুল আজিজ কেরানি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, আবদুল আজিজ কেরানি বাড়ির জহির আব্বাসের পক্ষের সঙ্গে একই বাড়ির ইমরুল কায়েস সানি পক্ষের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠকও হয়েছিল।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ইমরুল কায়েস সানির নেতৃত্বে ৩০-৪০ জন সশস্ত্র সন্ত্রাসী ওই বাড়িতে গিয়ে হামলা, ভাঙচুর, লুট ও টিনের চাল খুলে নেয়। এ সময় জহির আব্বাসের ছোট ভাই মোসাদ্দেক আব্বাসের স্ত্রী শরীফা বেগম ফেন্সি বাধা দিলে তাকে মারধর করে। ঘরটিতে জহির আব্বাসের পাঁচ ভাই বসবাস করে আসছেন। হামলাকারী সানি ও তার পক্ষের লোকজন ফেনী শহরের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন।
জহির আব্বাস অভিযোগ করেন, সন্ত্রাসীরা তার আলমারিতে থাকা পাঁচভরি স্বর্ণালঙ্কার এবং টাকা লুটে নেয়। এ ছাড়াও ঘরের আসবাব ভাঙচুর করেছে।
পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় শরীফা বেগম ফেন্সি সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ইমরুল কায়েস সানি বলেন, ‘আমরা ২০০১ সালের নির্যাতিত পরিবার। ওই ঘরের ভিটিতে আমাদেরও মালিকানা আছে। তারা দীর্ঘদিন জমির দখল ছাড়ছে না বলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেছে। অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।