ওটিটিতেই ব্যস্ত ছিলেন তারকারা

কয়েক বছর ধরে বিনোদনের নতুন মাধ্যম হিসেবে সাড়া জাগিয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। এরই মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সব কাজ হচ্ছে। ফলে সারা বিশে^র তারকাশিল্পীরাও এখন ওটিটিতে ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশে টিভি নাটকের দশা আস্তে আস্তে তলানিতে ঠেকায় ছোটপর্দার প্রথম সারির তারকারা এখন ওটিটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। ২০২২-এ সেই চিত্রই বেশি চোখে পড়েছে। বেশ কিছু ওয়েব সিরিজ নেট-দুনিয়ায় সাড়াও জাগিয়েছে। দেশি ওটিটির বাইরে ভিনদেশি প্ল্যাটফর্মেও বাংলাদেশি নাটক ও ওয়েব সিরিজ আশাজাগানিয়া অবস্থান তৈরি করেছে। বাংলাদেশের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে বিদেশি প্ল্যাটফর্মে কয়েকটি কনটেন্ট নির্মিত ও প্রচার হয়েছে, যেগুলো অনেক প্রশংসা কুড়িয়েছে। বলা চলে, ওয়েব মাধ্যমে শক্তিশালী বাংলা কনটেন্ট উপহার দেওয়ার প্রতিযোগিতা চোখে পড়েছে এ বছর।

চলতি বছর সবচেয়ে আলোচনা তৈরি করা ওয়েব সিরিজ ‘কারাগার’। শুধু ঢাকা নয়, কলকাতায় সিরিজটি দর্শকদের নজর কেড়েছে। সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’ চলতি বছরের আগস্টে ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-এ প্রকাশ হয়। চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার অভিনীত সিরিজটি দারুণ প্রশংসা কুড়ায়। যার দ্বিতীয় কিস্তি দেখতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি দর্শকের! ২২ ডিসেম্বর থেকে প্রচার হচ্ছে ‘কারাগার ২’। এ সিরিজে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, বিজরী বরকতউল্লাহ, এফ এস নাঈম, তানভীন সুইটি প্রমুখ।

দেশি ওয়েব কনটেন্টের মধ্যে অন্যতম আলোচিত সিরিজ চরকির ‘পেটকাটা ষ’। ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এ সিরিজটি নির্মাণ করেন হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন। বছর শেষে প্রচার হওয়া সিরিজটি আরও একটি সুসংবাদ নিয়ে আসে। আগামী বছরের ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম’-এর ৫২তম আসরে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের ‘পেট কাটা ষ’।

‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজটিও ছিল আলোচনায়। শিহাব শাহীন পরিচালিত এ সিরিজটি প্রচার হয় কোরবানির ঈদে। এ সিরিজের মাধ্যমে প্রথমবার একসঙ্গে দেখা যায় আফরান নিশো, তুষি ও ফারিণকে। এতে একদম ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন আফরান নিশো। অন্যান্য চরিত্রে দেখা গেছে শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান।

‘কাইজার’, আলোচিত আরেকটি ওয়েব কনটেন্ট। এর মাধ্যমে নতুন গোয়েন্দা হাজির করেছেন নির্মাতা তানিম নূর। চলতি বছরের ৮ জুলাই ভারতীয় একটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এ ওয়েব কনটেন্টটি দর্শকের পছন্দের তালিকায় ছিল সবার ওপরে। এতে অভিনয় করেছেন আফরান নিশো, স্বাগতা, মোস্তাফিজুর নূর ইমরান, রিকিতা নন্দিনী শিমু, ইমতিয়াজ বর্ষণ, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার প্রমুখ। কাইজার প্রচারের পর এতটা আলোচনা তৈরি করে যে, এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করার ঘোষণাও আসে। তবে কবে নাগাদ এটি নির্মিত ও প্রচার হবে এখনো জানা যায়নি।

‘বোধ’ নামে আরও একটি ওয়েব সিরিজ আলোচনায় ছিল চলতি বছর। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এ সিরিজটি ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-এ-৪ নভেম্বর মুক্তি পায়। এ সিরিজে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। এ ছাড়া আরও অভিনয় করেন দিলারা জামান, রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, রওনক হাসান।

চলতি বছর ‘দাগ’ নামে একটি ওয়েব ফিল্ম দর্শক মহলে বেশ আলোচিত হয়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ ফিল্মটি থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আয়েশা, নিশাত প্রমুখ। এ ফিল্মে মোশাররফ করিম নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন।

বছরের শেষ দিকে ‘মায়াশালিক’ নামে একটি ওয়েবফিল্মও আলোচনায় এসেছে। এ ফিল্মে তরুণ সামরিক কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রকাশের পর ফিল্মটি বেশ দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে অপূর্বভক্তরা তাদের প্রিয় অভিনেতাকে নতুনরূপে আবিষ্কার করেন।

মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘অমানুষ’ নামে একটি ওয়েব সিরিজও আলোচিত হয়। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিরিজটি দেশি একটি প্ল্যাটফর্মে বছরের শুরুর অংশে প্রকাশ হয়।

মোশাররফ করিম ও অর্ষা অভিনীত ‘মাস্টারমাইন্ড’ ওয়েব সিরিজটিও আলোচনা তৈরি করতে সক্ষম হয়েছে। এটি পরিচালনা করেছেন মোরসালিন শুভ।

চলতি বছর ওটিটি কনটেন্টে বেশি অভিনয় করেছেন মোশাররফ করিম। সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া অভিনেত্রী জাকিয়া বারী মম, মেহজাবীন চৌধুরী, তানভিন সুইটিসহ অনেকেই চলতি বছর ওটিটি প্ল্যাটফরমে অভিনয় করেন, যেগুলো দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ায়। সিনেমার অনেক নায়ক-নায়িকাও চলতি বছর ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।