কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন তার ৬০ জন বন্ধু, শুভাকাক্সক্ষী ও বিশিষ্টজন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের অধিকাংশই ঢাকা, জাহাঙ্গীরনগর, খুলনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক।
বিবৃতিতে বলা হয়, ৮ ডিসেম্বর মধ্যরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কোনো পরোয়ানা ছাড়া তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়নি। পরিবারের মাধ্যমে তারা জানতে পেরেছেন, তিনি এখন অসুস্থ। চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘মির্জা ফখরুল দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতি করছেন। আমরা মির্জা ফখরুলের বন্ধু ও শুভাকাক্সক্ষীরা তার সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য মির্জা ফখরুলের মুক্তির দাবি জানাচ্ছি আমরা।’
বিবৃতিতে সই করাদের মধ্যে রয়েছেন প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, একই বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক মাহবুব উল্লাহ, অর্থনীতি বিভাগের ওয়াহিদউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দীন আহমেদ, ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, বাংলা বিভাগের অধ্যাপক সাইদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ, ইমেরিটাস অধ্যাপক এ টি এম নূরুল আমিন, ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক সদরুল আমিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ইউসুফ হায়দার, রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরি ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তাসনিম সিদ্দিকী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দীন খান।
বিবৃতিদাতাদের মধ্যে আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম, দর্শন বিভাগের অধ্যাপক মো. কামরুল আহসান, গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলাম, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক মাসুদুল হাসান খান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সাইদুর রহমান পান্নু, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ফজলুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা মাঝহারুল হক ও সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম।