প্রতিপক্ষের লাথিতে গর্ভে থাকা শিশুর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইতালি প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত প্রবাসীর স্ত্রীর গর্ভে থাকা চার মাসের শিশুর মৃত্যু হয়।

শুক্রবার বিকেলে কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমকে এ অভিযোগ জানান প্রবাসীর স্ত্রী শ্রাবন্তী আক্তার।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ধোপারটেক গ্রামে প্রবাসী আল মামুনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা।

ভূক্তভোগী আল মামুন জানান, তিনি ১৪ বছর ধরে ইতালি থাকেন। ছয় মাস আগে ছুটিতে বাড়ি আসেন। তার স্ত্রী সন্তানসম্ভাবা ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব শত্রুতাদের জেরে একই এলাকার আ. জাব্বার, ইছব আলী ও মোজাম্মেলসহ ৮/১০ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা স্ত্রী শ্রাবন্তীকে লাথি মেরে আহত করে। তাকেও মারধর করে। হামলার শিকার স্ত্রী শ্রাবন্তী ব্যাথায় অস্থির হয়ে একপর্যায়ে গর্ভে থাকা মৃত সন্তান প্রসব করে। শুক্রবার ভোরে নরসিংদী সদর হাসপাতালে শ্রাবন্তীকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হয়।

প্রতিপক্ষের ইছব আলী বলেন, ইতালী প্রবাসী আল-মামুন আমার ভাতিজা সোহানকে মারধর করে। এই ঘটনায় সোহানে বাবা মোয়াজ্জেম তাদের বাড়ির সামনে গিয়ে উত্তেজিত হয়ে কথাবার্তা বলে চলেন আসে। তাদের কোনো মারধর করা হয়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, প্রতিপক্ষরা লাথির শিকার হয়ে অন্তসত্তা প্রবাসী স্ত্রী মৃত সন্তান প্রসব করে তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।