চীনে এখন প্রতিদিন কভিডে ৯ হাজারের কাছাকাছি মৃত্যু হচ্ছে বলে অনুমান করছে যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য তথ্য প্রতিষ্ঠান এয়ারফিনিটি। সপ্তাহখানেক আগে তারা চীনে করোনাভাইরাসে দৈনিক ৫ হাজার মৃত্যু হচ্ছে বলে ধারণা দিয়েছিল। এখন সংক্রমণ বাড়ায় মৃত্যুসংখ্যা এখন আগের ধারণার দ্বিগুণের কাছে পৌঁছে গেছে বলেই ধারণা তাদের।
চলতি বছরের নভেম্বর থেকে চীনে কভিড সংক্রমণ বাড়তে শুরু করেছিল; নিয়মিত শনাক্তকরণ পরীক্ষা, উপসর্গবিহীন রোগীর সংখ্যা প্রকাশ বন্ধসহ পেইচিং তার ‘শূন্য কভিড’ নীতি থেকে সরে আসায় এ মাসে পরিস্থিতি এখন আরও নাজুক আকার ধারণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনে ডিসেম্বরের প্রথম দিন থেকে এ পর্যন্ত কভিডে এক কোটি ৮৬ লাখ লোক আক্রান্ত আর মৃত্যু এক লাখে পৌঁছেছে বলে এয়ারফিনিটি তাদের বৃহস্পতিবারের বিবৃতিতে ধারণা দিয়েছে। জানুয়ারির ১৩ তারিখে সংক্রমণ তার প্রথম চূড়ায় পৌঁছাবে, সে সময় চীনে প্রতিদিন ৩৭ লাখ কভিডে আক্রান্ত হবে বলেও অনুমান এ ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানের।