রূপগঞ্জে বিকৃত লাশের পরিচয় মিলেছে, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। তার নাম সোহেল মিয়া (৩৫)। তিনি কিশোরগঞ্জের ভৈরবের ঝগড়ারচরের আবদুল লতিফ মিয়ার ছেলে। গত বুধবার দুপুরে উপশহরের সাত নম্বর সেক্টরের ২১৯ নম্বর সড়কের একটি নালা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সোহেল মিয়ার ভাই জামাল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে নিহত সোহেলের সম্বন্ধী নবী হোসেন ও নবী হোসেনের বন্ধু আলামিনকে। তবে পুলিশ নুরুন্নবী নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান।

রূপগঞ্জ থানার (ওসি) এ এফ এম শায়েদ বলেন, লাশের বাম হাতের কব্জি কাটা, আঙুল কাটা ও চোখ উপড়ানো ছিল। টাকার লেনদেন নিয়ে সম্বন্ধী নবী হোসেন এবং তার বন্ধু ও আলামিনের সঙ্গে সোহেলের বিরোধ চলছিল।