শিক্ষামন্ত্রী

স্মার্ট দেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে।

রোববার (১ জানুয়ারি) সকালে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সৃজনশীল মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। যোগ্য ও সৃজনশীল মানুষ হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে স্কাউটের সঙ্গে যুক্ত হতে হবে। নতুন কারিকুলামের এই বইয়ের মাধ্যমে কারগরি দক্ষতা বাড়বে।

ডা. দীপু মনি বলেন, আমরা ২০১০ সাল থেকে এ পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেছি, তার মোট সংখ্যা হল ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১২ কপি। বিনামূল্যে বই দেওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ এ পাঠ্যপুস্তক উৎসব পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।

বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সিমিন হোসেন রিমি এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান প্রমুখ।