পাকিস্তানের মাটিতে দেড় যুগের বেশি সময় পর খেলতে গেছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে এক টেস্ট শেষ হয়েছে। কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষেই আগামী ৯ জানুয়ারি থেকে করাচিতে শুরু হবে একদিনের ক্রিকেট সিরিজ। সেই সিরিজের দল ঘোষণা হয়েছে অনেক আগেই। তবে দল গঠন নিয়ে নাকি অধিনায়ক ও কোচের সঙ্গে কোনো কথাই বলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি।
যেকোনো দল ঘোষণার আগে নির্বাচক প্যানেল সাধারণত কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনায় বসে। কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত নয়—এ ব্যাপারে তাদের মত জানতে চায়।
কিন্তু পিসিবির অন্তর্বর্তী প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি নাকি ওয়ানডে দল ঘোষণা নিয়ে অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে কোনো কথাই বলেননি। ব্যাপারটি নিয়ে কিছুটা ‘কাঠখোট্টা’ প্রতিক্রিয়া দেখিয়েছেন বাবর।
আজ সংবাদ সম্মেলনে বাবরকে ওয়ানডে সিরিজের দল নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে ২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘টেস্ট সিরিজের মধ্যে এ নিয়ে (ওয়ানডে) আলোচনা করার সঠিক সময় এটা নয়। যখন ওয়ানডে শুরু হবে, তখনই জানতে পারবেন।’
বোর্ডের শীর্ষ পদ থেকে শুরু করে নানা পর্যায়ে পরিবর্তন ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব ফেলছে কি না—এ প্রশ্নের উত্তরে বাবর বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, এসব যেন দলে প্রভাব না ফেলে। আমাদের কাজ খেলা ও ভালো পারফর্ম করা। আপাতত আমাদের পূর্ণ মনোযোগ নিউজিল্যান্ড সিরিজে। বাইরে যা ঘটছে, সেসব নিয়ে ভাবলে পারফরম্যান্স খারাপ হবে।’