অবশেষে সাত দিন পর উদ্ধার হয়েছে ভোলার মেঘনা নদীর তুলাতুলি এলাকায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২।
রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিকে দুইটি বার্জ ও জাহাজের সাহায্যে মেঘনার পানি নিচ থেকে টেনে উপরে তোলা হয়। সন্ধ্যার আগেই পুরো উদ্ধার কাজ শেষ হবে বলে জানান এসএইচআর নেভিগেশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহাতাবুর রহমান।
তিনি বলেন, মেঘনার তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হয়েছে। জাহাজটি ইতিমধ্যেই পানির উপরে তোলা হয়েছে। সন্ধ্যার মধ্যেই পুরো উদ্ধার কাজ সমাপ্ত করা যাবে বলে আশা করা যায়।
তবে উদ্ধার হওয়া জাহাজের তেল যাতে নদীতে ছড়িয়ে পড়তে না পরে সে লক্ষ্যে আধুনিক মেশিনের সাহায্যে তেল উদ্ধার করছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম সাহেদ সাত্তার বলেন, জাহাজের তেল যাতে নদীতে ছড়াতে না পারে কোস্টগার্ড সেই দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। পরিবেশ দূষণ রোধে ল্যামর মেশিন দিয়ে নদী থেকে তেল অপসারণ করা হচ্ছে বলে জানান তিনি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এজিএম (অপারেশন) মো. আনোয়ার হোসেন বলেন, ডুবে যাওয়া জাহাজের চারটি ট্যাংকে তেল ও পানি মিক্স অবস্থায় রয়েছে। আমরা সাগর নন্দিনী ৩ জাহাজে মিক্সগুলো টেনে নিচ্ছি। এগুলো চাঁদপুর ডিপোতে নিলে আমরা বুঝতে পারবে কি পরিমাণ তেল ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম বন্দর থেকে ৯ শ’ টন অটকেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপুর উদ্দেশ্যে রওনা হয় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি। রোববার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে আসলে কুয়াশার কারণে পিছন দিক থেকে আসা আরেকটি জাহাজ তাদের নন্দিনী-২ কে ধাক্কা দেয়। এতে তাদের জাহাজটির ইঞ্জিন রুমের কাছে ছিঁদ্র হয়ে পানি প্রবেশ করে জাহাজটি ডুবে যায়।