সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ!

বলিউডের ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাদের প্রেম গুঞ্জন চলছে। সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। ২০২২-এর শেষ দিনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে নতুন বছরের ৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন তারা। যদিও সিদ্ধার্থ কিংবা কিয়ারা কেউই এখন পর্যন্ত মুখ খোলেননি এ ব্যাপারে। খবরে আরও বলা হয়েছে- তাদের বিয়ের আগের অনুষ্ঠানগুলো ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মেহেদি, হলদি ও সংগীত অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি এবং পরিবারের সঙ্গে সেখানে উদযাপন করা হবে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীদের একটি দল আগামী ৩ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমিরে পাঠানো হবে। সেখানে আমন্ত্রণে যোগ দিতে যাওয়া ভারতের বিশেষ ব্যক্তিদের জন্য নিরাপত্তা বলয় তৈরি করা হবে। অনুষ্ঠানটি ঘিরে উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়সালমির প্যালেস হোটেলটি রাজস্থানের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল সম্পত্তি। এই মনোরম লোকেশনে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে একটি দুর্দান্ত আয়োজনই হতে যাচ্ছে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। যদিও এর আগে শোনা গিয়েছিল, চ-ীগড়ের ‘দি ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এ বসবে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের আসর। যেই পাঁচতারা হোটেলে বিয়ে করেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে না, চ-ীগড় নয় বরং নতুন যুগলের পছন্দ এখন রাজস্থান। কয়েক বছর ধরেই নাকি প্রেম করছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। অথচ এই বিষয়ে কেউই এত দিন মুখ খোলেননি। যদিও তাদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তারা হেসে উড়িয়ে বলতেন, ‘না না, আমরা স্রেফ ভালো বন্ধু।’ শেষমেশ তাদের দাম্পত্য জীবন শুরু করতে চলার খবরে দারুণ খুশি অনুরাগীরা।