নতুন বইয়ে মাতোয়ারা শিক্ষার্থী

করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবছর আবারও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের ঘ্রাণে জেলা-উপজেলার স্কুলগুলোতে শিশু শিক্ষার্থীরা মেতে উঠে বই উৎসবে। তবে, চাহিদার বিপরীতে অনেক কম বই আসায় সব শ্রেণির সব ধরনের বই বিরতণ সম্ভব হয়নি। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাজশাহী : মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি স্কুলের বিভিন্ন শ্রেণির প্রথম থেকে তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে এক সেট করে নতুন পাঠ্যবই তুলে দেন।

খুলনা : সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাজিদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনুর রশিদ।

ময়মনসিংহ : নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ^াস। জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন-প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

বান্দরবান : ডনবস্কো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম। শিক্ষার্থীদের বাংলা ভাষার বইয়ের পাশাপাশি ক্ষুদ্র-নৃগোষ্ঠী ভাষার নতুন বইও বিতরণ করা হয়।

বগুড়া : বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এসময় সদরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা : আদর্শ মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া।

খাগড়াছড়ি : জেলার ৭০৬টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০০২৩টি মাধ্যমিক-নিৎম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ উৎসব শুরু হয়। তবে সব বই না যাওয়ায় হতাশ ছিল শিক্ষার্থীরা। সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

মেহেরপুর : রামনগর প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক ড. মনসুর আলম খান বই উৎসবের উদ্বোধন করেন। পরে মেহেরপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও মাধ্যমিক পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।

পটুয়াখালী : কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

জামালপুর : সিংহজানী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। উৎসব উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ।

মৌলভীবাজার : সকালে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।

ঠাকুরগাঁও : কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূইয়া, জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নোয়াখালী : বিভিন্ন স্কুলে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। অন্যদিকে, সকালে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

ঝিনাইদহ : শহরের কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ : শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

মানিকগঞ্জ : সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বই বিতরণ উদ্বোধন করেন।

এছাড়া, উপজেলা পর্যায়ের স্কুলগুলোতেও উৎসব করে বই বিতরণের খবর এসেছে।