হত্যার ১৯ দিন পেরিয়ে গেলেও বড়াইগ্রামের মশিন্দা গ্রামে কৃষক বেলাল উদ্দিন ম-ল খুনের জেরে লুটপাট থামছে না। গত শনিবার মধ্যরাতেও এক মুক্তিযোদ্ধার বাড়ির তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, মামলায় পুলিশের গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার ভয়ে কমপক্ষে ১০টি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এছাড়া, অন্তত অর্ধশত পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে থাকার সুযোগে বাদীপক্ষের লোকজন এসব লুটপাট করছে বলে দাবি আসামিপক্ষের। খবর পেয়ে গতকাল রবিবার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর জমিসংক্রান্ত বিরোধে বেলাল উদ্দিন খুন হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের নামে থানায় হত্যা মামলা করা হয়।
এরপর গ্রামের পুরুষ সদস্যরা পালিয়ে থাকায় বাদীপক্ষের লোকজন সন্ধ্যা নামার পর বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে মশিন্দা বাজারের পাশে মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার মৃত হাবিবুর রহমানের ছেলে জিল্লুর রহমানের বাড়ির তালা ভেঙে সোয়া তিন ভরি সোনার গহনা, ফ্রিজ, দুটি টিভি, সাতটি ফ্যান, একটি কম্পিউটার, মাইক্রোওভেনসহ শোকেস ও বাক্স ভেঙে জমির দলিল-দস্তাবেজ, ওয়াশিং মেশিন, পানির মোটর, গ্যাস সিলিন্ডার ও চুলা, লেপ-কম্বল ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রী লুটে নেয়। এর আগে মশিন্দা বাজারে আটক আসামি নিপ্পনের মুদি দোকানের মালামাল লুটে নেয়। এছাড়া কৃষি আবাদে বাধা দেওয়ায় শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে।
জানতে চাইলে বাদী পক্ষের নেতৃত্বে থাকা মিঠু সরকার বলেন, এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।