তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। এর মধ্য দিয়ে রবিবার তৃতীয়বারের মতো দেশটির রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসলেন তিনি। শপথ গ্রহণের পর লুলার প্রতিশ্রুতি, তিনি ব্রাজিলকে 'নতুন করে গড়ে তুলবেন'। লড়বেন পরিবেশ আর দরিদ্রদের জন্য।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন ৭৭ বছর বয়সী লুলা। কংগ্রেসের সামনে শপথ গ্রহণের পর তিনি বলেন, ব্রাজিলের পড়তির দিকে থাকা অর্থনীতিকে চাঙা করতে কাজ করবে তার সরকার। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান খাতে অর্থায়নের যে ঘাটতি আছে তা পূরণে চেষ্টা করবে। রুখে দেওয়া হবে ব্যক্তিগত লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠন।

লুলার শপথগ্রহণ অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ফার্স্ট লেডি রোসাঙ্গেলা জানজা দা সিলভা এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আল্কমিন। শপথগ্রহণ শুরু হয় ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।