ময়মনসিংহের ত্রিশালে তিনটি নকল স্বর্ণের বারসহ তিন প্রতারককে আটক করেছে র্যাব-১৪।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশালের চকরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- মো. হোসেন আলী (৬৫), রুবেল মিয়া (৩৮) ও আলম মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি নকল স্বর্ণের বার ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
র্যাব জানায়, অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় নকল স্বর্ণের বারের ব্যবসা করে বিভিন্ন লোককে প্রতারণা করে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।