বাগাতিপাড়ার সেই এক্স-রে মেশিনটি চালু

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি অবশেষে চালু হয়েছে। উপজেলা প্রকৌশল দপ্তরের অর্থায়নে গতকাল সোমবার মেশিনটি চালু করা হয়। এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর মেশিনটি স্থাপনের পর কোম্পানির লোকেরা যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এ নিয়ে গত ৮ অক্টোবর দেশ রূপান্তরে ‘যন্ত্রাংশ খুলে নেওয়ায় এক্স-রে মেশিন অচল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেশিনটি চালু করার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কালক্ষেপণ করতে থাকে।

উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, কোম্পানির কাছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ১ লাখ টাকা বাকি ছিল। তাই তারা যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এখন তাদের জামানতের ৭৪ হাজার টাকার সঙ্গে প্রকৌশল কার্যালয় থেকে বাকি ২৬ হাজার টাকা এবং কোম্পানির টেকনিশিয়ানদের খরচ বাবদ ২০ হাজার টাকা দিয়ে মেশিনটি চালু করা হয়েছে।