নড়াইলে নৌকাডুবি: আরও একজনের মৃতদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা-তেলিডাঙ্গা খেয়াঘাটে নৌকা ডুবির চার দিন পর মাহামুদ (২৬) নামে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মোট ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাহাবুব আলম জানান, মঙ্গলবার সকালে নবগঙ্গা নদীর বড়দিয়া মহাজন এলাকায় নিখোঁজ কালিয়া উপজেলার পিরোলী গ্রামের মাহমুদের মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার রাত ৮টার দিকে নৌকা ডুবির ঘটনায় নাজমা বেগম ও তার ৪ বছরের শিশু সন্তান মারা যান। এ সময় নিখোঁজ হন আরও ৪ জন।

গত চার দিনে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সদস্যরা সন্ধান চালিয়ে নিখোঁজ বাহিরডাঙ্গা গ্রামের রয়েল মন্ডল, গ্রাম পুলিশ সদস্য লাবু শেখ ও জোকার চর গ্রামের মো. খানজাহান আলীর মৃতদেহ উদ্ধার করে।