টলিউডের পরিচালক সন্দীপ চৌধুরী মারা গেছেন। তবে তার আরও একটি পরিচয় রয়েছে তিনি খ্যাতনামা পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।
গত ১৭ ডিসেম্বর শুটিং সেটেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্দীপ চৌধুরী। তাকে ইকবালপুরের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন এই পরিচালক। এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। আজ মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্দীপ।
সন্দীপ ‘এরাও শত্রু’-র মতো মেগা সিরিয়ালের পরিচালক। এ ছাড়াও টলিপাড়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ‘জি বাংলা’ থেকে সান বাংলা, সব কটি চ্যানেলেই প্রায় কাজ করেছেন। সদ্যসমাপ্ত ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সৃজনশীল পরিচালক ছিলেন।
এ ছাড়াও ‘কন্যাদান’ ধারাবাহিকের সংলাপের দায়িত্ব ছিল তার উপরেও। এ ছাড়াও ঋতুপর্ণা সেনগুপ্ত-জিতু কমলের সঙ্গে একটি ছবি করার কথা ছিল তার। ছবির নাম ঘোষণা হয়েছিল ‘বিদ্রোহিনী’।
এ ছাড়াও বেশ কিছু ধারাবাহিকে কাজের কথা চলছিল তার। কিন্তু তার আগেই থমকে গেল সন্দীপের সফর।