সৈয়দ আশরাফের মতো নেতা এখন খুব প্রয়োজন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন এক কীর্তিমান পুরুষ। তিনি ছিলেন স্বচ্ছ রাজনীতির প্রতীক।

সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফের পিতা শহীদ নজরুল ইসলাম জাতির জনকের অনুপস্থিতিতে তারই নির্দেশে ও পরিকল্পনা অনুসারে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। ঠিক একইভাবে সৈয়দ আশরাফ এক-এগারো’র সময় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করাসহ নির্বাচনের মাধ্যমে রাজনীতিকদের হাতে রাজনীতি ফিরিয়ে দিতে সেনা সমর্থিত সরকারকে বাধ্য করেন।

তিনি আরো বলেন, সৈয়দ আশরাফের মতো নেতা এখন খুবই প্রয়োজন।

জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম খালিদ বাবু এসব বলেন। মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।

এ সময় আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা স্মরণসভায় অংশ নেন। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শীববাড়ি দলীয় কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলামের ‍রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।