সাতক্ষীরার শ্যামনগরে ডিউটিরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ল্যান্স নায়েক মো. পারভেজ আলম (৩০) নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টায় শ্যামনগর উপজেলার নীলডুমুরস্থ বিজিবি-১৭ ব্যাটালিয়নে এই ঘটনা ঘটে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, বিজিবি সদস্যর মৃত্যুর ঘটনাটি বিজিবি সুস্পষ্ট করে কিছু জানায়নি।
নিহত পারভেজ আলমের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামে।
বিজিবি সদস্যের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলেও জানান ওসি।
বিজিবির বরাতে ওসি আরও জানান, মো. পারভেজ আলম বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বিজিবি ধারণা করছে এটি আত্মহননে মৃত্যু। তবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তদন্ত করে দেখতে হবে।
ওসি নূরুল ইসলাম বাদল বলেন, সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন।
নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তকারী সদর হাসপাতালের ডাক্তার আহমেদ আলী এবং ডাক্তার তামিম হোসেন জানান, বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে পারভেজ আলম মারা গেছেন।
এ বিষয়ে বিজিবি-১৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।