অবহেলায় মৃত্যুর অভিযোগ

কলাপাড়ায় ডাক্তার, নার্সের বিরুদ্ধে মামলা

পটুয়খালীর কলাপাড়ায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসাম্মৎ আসমা বেগমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ভিকটিমের চাচা আইনজীবী নুরুজ্জামান সিকদার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালত পিবিআই পটুয়াখালীকে ১৩ ফেব্রুয়ারি তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২১ ডিসেম্বর উপজেলার মোহনপুর গ্রামের মাকসুদুর রহমান সিকদারের ছেলে স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক লেলিন তার চিকিৎসার সুব্যবস্থা না করে তার ব্যক্তিগত কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান। পরে পরীক্ষার রিপোর্টসহ ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তরা যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।

একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স স্বপনকে যথাযথভাবে অক্সিজেন সেবা না দিয়ে ডিউটি শেষ বলে চলে যান। এরই মধ্যে স্বপন সিকদার মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তিনি ওই রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দিয়ে পরে সরকারি কাজে হাসপাতালের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।